সিডাব’র নতুন কমিটি গঠন, সভাপতি মাজহার বাবু

বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতি সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশ (সিডাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে মাজহার বাবু সভাপতি এবং আলমগীর রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অবস্থিত সিডাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সদস্যদের সিদ্ধান্তে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাজহার বাবু বলেন, দীর্ঘদিন ধরে সিডাবের কোনো কার্যকর কমিটি ছিল না। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় তিনি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সহকারী পরিচালকদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “সাধারণ সদস্যরা আমার প্রতি যে আস্থা রেখেছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। আমাদের মূল লক্ষ্য থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ সংরক্ষণ করা এবং সবাইকে সঙ্গে নিয়ে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করা।”
নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহসভাপতি সিদ্দিকুর রহমান রিপন, সহসাধারণ সম্পাদক এম জামান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাজিব, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহমান।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- একরামুল ইসলাম একরাম, মো. মাহতাবুর রহমান তাবু, এ কে এম মোতাহারুল ইসলাম (টিটুরাজ), মৃদুল কান্তি বিশ্বাস, মো. রাশেদুল ইসলাম রাশেদ, হেলাল উদ্দিন, এইচ এম সাইফুর রহমান, ইলিয়াস হোসেন এবং আকতার হামিদ।
উল্লেখ্য, মাজহার বাবু একজন পরিচিত চলচ্চিত্র সাংবাদিক। পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্ধশতাধিক সিনেমায়। এছাড়া এটিএন নিউজ, এনটিভি, কালবেলাসহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।
প্রসঙ্গত, ১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এফএ







