আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক

বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইবার মামলায় গ্রেপ্তার হওয়া দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলামের ছবি সংগ্রহ করতে গিয়ে পুলিশের বাধার অভিযোগ করেছেন কয়েকজন সাংবাদিক।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকরা জানান। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের দ্বিতীয় তলার হাজতখানার সামনে অবস্থানরত সাংবাদিকদের সেখান থেকে নিচে নেমে যাওয়ার নির্দেশ দেন কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম।
সাংবাদিকদের অভিযোগ, পরে ছবি সংগ্রহের সময় সৃষ্ট ধাক্কাধাক্কির ঘটনায় স্টার নিউজের বগুড়া অফিসের ভিডিও জার্নালিস্ট মো. হাফিজ আল আসাদ নয়ন এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মীর হায়দার আলী আহত হন। পরে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নেন।
এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের দ্বিতীয় তলা থেকে নেমে যেতে বলাটা তার অনিচ্ছাকৃত ভুল ছিল। এছাড়া সিভিল পোশাকে থাকা এক পুলিশ সদস্যকে ঘিরে ধাক্কাধাক্কির ঘটনাকে তিনি অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন।
ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ছবি সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হচ্ছে।
ভিওডি বাংলা/আ স ম জাকারিয়া/এমএস







