দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান

ফুটবল বিশ্বকাপ ঘিরে সমর্থকদের উন্মাদনা যে কতটা অদ্ভুত রূপ নিতে পারে, তারই এক ব্যতিক্রমী উদাহরণ দেখা গেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। মজার ছলে দেওয়া একটি প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিয়ে আলোচনায় এসেছেন এক তরুণ আর্জেন্টিনা সমর্থক।
মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেহেদিনগর গ্রামের কামরুল হাসান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন, ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয় পায়, তাহলে তিনি আর্জেন্টিনার সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে সমর্থন করবেন।
শনিবার (২০ জুন) ভোরে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ৩-০ গোলের জয়ে ম্যাচ জেতার পর নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন কামরুল। বন্ধুদের উপস্থিতিতে গ্রামের একটি খোলা জায়গায় তিনি দুধ দিয়ে গোসল করেন। এরপর আর্জেন্টিনার জার্সি খুলে ব্রাজিলের জার্সি গায়ে পরেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
কামরুল হাসান বলেন, “ব্রাজিলকে খোঁচা দিতেই মজার ছলে এমন ঘোষণা দিয়েছিলাম। মনে হয়েছিল তারা হয়তো জিতবে না। কিন্তু ব্রাজিল জিতে গেছে, তাই নিজের কথার মর্যাদা রাখতে দুধ দিয়ে গোসল করেছি। এখন সবাই আমাকে নিয়ে হাসাহাসি করলেও আমি বিষয়টি উপভোগ করছি।”
এ বিষয়ে ব্রাজিল সমর্থক ফাইয়াজ রিয়াজ বলেন, বন্ধু কামরুল বলছে আজকের ম্যাচ জিততে পারলে সবার সামনে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগ দিবে। ম্যাচ জয়ের পর আমরা তাকে ডেকে এনে তার প্রতিশ্রুতি অনুয়ায়ী দুধ দিয়ে গোসল করিয়ে ব্রাজিলের জার্সি পরিধান করিয়ে দিই। সে এখন ব্রাজিল সমর্থন করে।
তিনি আরও বলেন, ব্রাজিল অনেক বছর শিরোপা জিততে পারেনি সত্যি, কিন্তু তারা শৈল্পিক ফুটবলের উদ্ভাবক।
ভিওডি বাংলা/এমএস







