টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব টেক্সটাইল বাজারে বাংলাদেশের শীর্ষ স্থান ধরে রাখা এবং ভবিষ্যতে এই খাতে বৈশ্বিক নেতৃত্ব অর্জনের জন্য গবেষণা, উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং গ্রিন টেক্সটাইল প্রযুক্তির টেকসই অভিযোজন নিশ্চিত করতে হবে।
শনিবার (২০ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে (বুটেক্স) আয়োজিত এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি করতে হবে। টেক্সটাইল খাতে আমরা বিশ্বে নেতৃত্ব দিতে চাই, এ জন্য গবেষণা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে হবে।’
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা বৈশ্বিক প্রতিযোগিতার জন্য নিজেদের প্রস্তুত করতে পারে।
একই সঙ্গে পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে গ্রিন টেক্সটাইল প্রযুক্তি এবং টেক্সটাইল বর্জ্য পুনর্ব্যবহার বা রিসাইক্লিং কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানান তিনি।
সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, নেদারল্যান্ডসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জুট ও কোকোয়া সেক্টরের টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান মাইকেল কোক্কেন, জার্মানির হোখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক ড. বাস্টিয়ান কোয়াটেলবাউম, সম্মেলনের আয়োজক কমিটির সভাপতি ও ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রমুখ।
ভিওডি বাংলা/এফএ






