অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান

রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড ও হাতিরপুল এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ এবং অবৈধ দখল উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে ২৪টি মামলায় মোট ২৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২০ জুন) ডিএসসিসির অঞ্চল-১-এর আওতাধীন ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
ডিএসসিসি সূত্রে জানা যায়, ১৮ নম্বর ওয়ার্ডের সায়েন্স ল্যাবরেটরি মোড়সংলগ্ন হাউস নম্বর-১, সড়ক নম্বর-২ এবং ধানমন্ডি-মিরপুর সড়কের উভয় পাশের ফুটপাত ও রাস্তা থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার দায়ে তিনটি মামলায় তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া হাতিরপুল কাঁচাবাজার ও আশপাশের এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং বাজার ও দোকানপাটে শৃঙ্খলা ফেরাতে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ২১টি মামলায় ২২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড করা হয়।
সব মিলিয়ে দিনের দুই অভিযানে ২৪টি মামলায় মোট ২৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নগরীর শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযানের সময় ডিএসসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/খতিব/এমএস







