ক্যামিও নয়, গুজবই ছিল সালমান প্রসঙ্গ

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত কমেডি চলচ্চিত্র ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতির কারণে ছবিটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। তবে মুক্তির আগে ছবিতে সালমান খানের বিশেষ উপস্থিতি নিয়ে যে জোর গুঞ্জন ছড়িয়েছিল, তা শেষ পর্যন্ত সত্য নয় বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ সালমান খানের কোনো ক্যামিও বা বিশেষ চরিত্র নেই। বিষয়টি নিশ্চিত করে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বর্তমানে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। ফলে এই ছবির সঙ্গে তাঁর যুক্ত হওয়ার কোনো সুযোগই তৈরি হয়নি।
সূত্রটি আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সালমানের উপস্থিতি নিয়ে যে আলোচনা চলছে, তার কোনো ভিত্তি নেই। তিনি বর্তমানে অন্য প্রকল্পের কাজেই পুরোপুরি ব্যস্ত রয়েছেন।
মূলত অভিনেতা ও কৌতুকশিল্পী কৃষ্ণা অভিষেকের একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই জল্পনার সূত্রপাত। সম্প্রতি একটি রিয়েলিটি শোর সেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষ্ণা ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে বলেছিলেন, দর্শকদের জন্য ছবিতে বড় কোনো চমক অপেক্ষা করছে।
এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিশেষ চমক হিসেবে হয়তো পর্দায় দেখা যেতে পারে সালমান খানকে। তবে সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যে সেই জল্পনার অবসান ঘটেছে।
ভিওডি বাংলা/আ







