প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে ৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দিয়ে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মো. এরশাদ আকন্দ।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মে বিকেলে রাজধানীর শাহবাগ থানার একটি হোটেলের নিচতলায় বসে এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি এক ভুক্তভোগীকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পরে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা নিলেও প্রতিশ্রুতি অনুযায়ী চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ ভোর ৫টার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর থানা এলাকা থেকে শাহবাগ থানা-পুলিশের একটি দল অভিযুক্ত এরশাদ আকন্দকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভিওডি বাংলা/এফএ







