নবাবগঞ্জে দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির লক্ষে পরিকল্পনা প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরের নবাবগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের সহজে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
সভাপতির বক্তব্যে ইউএনও বিধান কান্তি হালদার বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। আদালতের মাধ্যমে সাধারণ মানুষ দীর্ঘসূত্রতা ও অতিরিক্ত ব্যয় ছাড়াই ন্যায়বিচার লাভের সুযোগ পান। গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হলে এর কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা সমন্বয়কারী মাসুদ করিম এর সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, অফিসার ইনচার্জ ওসি আব্দুল কুদ্দুস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ আরও অনেকে।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা, বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন।
এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।
ভিওডি বাংলা/অলিউর রহমান মিরাজ/জা







