শত্রুপক্ষকে সহযোগিতা: ইরানে ৪৭ জনের সম্পদ জব্দের উদ্যোগ

ইরানের উত্তর খোরাসান প্রদেশে ‘শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা’ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনের সম্পদ জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন প্রদেশটির প্রধান বিচারপতি হুজ্জাতুল ইসলাম রেজা বারাতিজাদেহ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা নজরদারি ও বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের সম্পদ শনাক্ত ও জব্দের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা, অভ্যন্তরীণ ও বহিরাগত নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ষড়যন্ত্র এবং সমাবেশের মতো অভিযোগে তদন্ত চলছে।
তার দাবি, অভিযুক্তদের কেউ কেউ জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও কাতারসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে বৈরী নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে।
তবে অভিযুক্তদের পরিচয়, তাদের বিরুদ্ধে উপস্থাপিত প্রমাণ কিংবা জব্দযোগ্য সম্পদের পরিমাণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/আ







