• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরানকে দেওয়া হচ্ছে শক্তিশালী ও কঠোর জবাব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ১০ জুন ২০২৬, ০৮:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক। ঘটনাটির প্রতিক্রিয়ায় ইরানে শক্তিশালী হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে, হেলিকপ্টারটিকে তারা ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করেনি এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার রাতে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এর জবাব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে তারা এবং এই মুহূর্তেই জবাব দিচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, জবাবটি খুবই শক্তিশালী ও ক্ষমতাধর হওয়া উচিত, আর আমরা সেটাই করছি।’

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিরুদ্ধে ‘আত্মরক্ষামূলক হামলা’ শুরু করেছে মার্কিন বাহিনী। তাদের দাবি, আগের দিন একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জবাব হিসেবেই এ অভিযান পরিচালিত হচ্ছে।

এদিকে ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির হরমুজগান প্রদেশের পূর্বাঞ্চলের কুহেস্তাক, সিরিক ও মিনাব এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কয়েকটি এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় হতে দেখা গেছে। একই তথ্য দিয়েছে মেহের নিউজ এজেন্সি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিক বন্দর ও আশপাশের গ্রামগুলোতে সন্ধ্যার দিকে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা।

তবে হামলাগুলোকে ‘আত্মরক্ষামূলক’ হিসেবে উল্লেখ করায় বিশ্লেষকদের ধারণা, এটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর ইঙ্গিত নয়। বরং মার্কিন তদন্তে যদি প্রমাণিত হয় যে অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করতে শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছিল, তাহলে ড্রোন উৎপাদন সংশ্লিষ্ট স্থাপনাগুলো হামলার লক্ষ্য হতে পারে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ‘নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে চলে যান।’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পরও আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে বসে থাকবে না আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী।’

তবে ইরানের একটি সামরিক সূত্র রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে কোনো আক্রমণাত্মক সামরিক বিমান অভিযান পরিচালিত হয়নি।

ঘটনাটি নিয়ে ট্রাম্পের বক্তব্যেও কিছুটা ভিন্ন সুর দেখা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হেলিকপ্টার ভূপাতিত হওয়ার বিষয়টি ততটা গুরুতর নয়। ট্রাম্পের ভাষায়, ‘এটা বড় কোনো বিষয় ছিল না। পাইলট ভালো আছেন।’ তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত বিবরণ ‘মানুষ যা ভাবছে তার চেয়ে অনেক ভিন্ন।’ তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

এদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়নি। তার ভাষ্য, এ ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিতভাবে এ ধরনের ঘটনা ঘটতে পারে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু
ট্রাম্পের ধমকে চুপ হয়ে গেলেন নেতানিয়াহু
শুভেন্দুর ৪৮০০ বাংলাদেশিকে পুশইন দাবি নাকচ করল বিজিবি
শুভেন্দুর ৪৮০০ বাংলাদেশিকে পুশইন দাবি নাকচ করল বিজিবি
পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের
পাল্টাপাল্টি হামলা স্থগিতের ঘোষণা ইরান-ইসরায়েলের