দলের সুনাম নষ্ট করলে কাউকে ক্ষমা করা হবে না: নয়ন

দলের সুনাম নষ্ট করলে কাউকে ক্ষমা করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
সোমবার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টরে আয়োজিত যুবদলের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নেতাকর্মীদের উদ্দেশে নূরুল ইসলাম নয়ন বলেন, আপনার ভূমিকা যত গুরুত্বপূর্ণই হোক না কেন, এমন কোনো অন্যায় কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া যাবে না, যাতে দলের সুনাম ক্ষুণ্ন হয় বা বিএনপির জনপ্রিয়তা নষ্ট হয়। এ ধরনের কাজে জড়িত কাউকেই ক্ষমা করা হবে না।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময় অভিযোগের ভিত্তিতে অনেক নেতাকে বহিষ্কার করা হয়েছে, কমিটি বিলুপ্ত করা হয়েছে এবং শোকজ করা হয়েছে। কোথাও কোথাও সাংবাদিক সম্মেলন করে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়েছে। এসব নেতাকর্মীর অনেকেই আমাদের ঘনিষ্ঠ ছিলেন। দলের জন্য তাঁদের অবদান ছিল, আন্দোলন-সংগ্রামেও ভূমিকা ছিল। তারপরও দলের শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের যে পদ দেওয়া হয়েছে, তার অপব্যবহার করবেন না। এটি দলের আমানত। এমন কাজ করুন, যাতে যুবদলের সুনাম বৃদ্ধি পায়। যে কাজগুলো যুবদলের দুর্নাম ডেকে আনতে পারে, সেসব কাজ থেকে বিরত থাকুন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল, সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন. মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/খতিব/আ







