• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মেসিকে ছাড়াই প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার জয়

স্পোর্টস ডেস্ক    ৭ জুন ২০২৬, ০৮:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের কলেজ স্টেশনে অনুষ্ঠিত ম্যাচে লিওনেল মেসি মাঠে না নামলেও জয় পেতে কোনো সমস্যায় পড়তে হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

কোচ লিওনেল স্কালোনি ম্যাচে একাধিক পরিবর্তন আনলেও পেশির ক্লান্তি থেকে সেরে ওঠা মেসিকে পুরো সময় বেঞ্চে রেখেছিলেন। ফলে মাঠে নামার সুযোগ হয়নি আর্জেন্টাইন অধিনায়কের।

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথমার্ধের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস। নিকোলাস তাগলিয়াফিকোকে বক্সের ভেতর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লাউতারো।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ৫১তম মিনিটে লাউতারো মার্টিনেসের চমৎকার ব্যাকহিল পাস থেকে বল পেয়ে জিউলিয়ানো সিমিওনে নিখুঁত শটে জাল খুঁজে নেন।

দ্বিতীয় গোলের পর স্কালোনি বেশ কয়েকটি পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামাননি। এর আগে গত ২৫ মে ক্লাবের হয়ে খেলতে গিয়ে সামান্য চোট পেয়েছিলেন ৩৮ বছর বয়সী এই তারকা।

ম্যাচের আগে স্কালোনি জানান, মেসি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। তবে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না কোচিং স্টাফ।

স্কালোনি বলেন, “মেসি এখন অনেক ভালো আছে। দলের সঙ্গে অনুশীলন করেছে, যা ইতিবাচক। সে ধীরে ধীরে ফিটনেস ফিরে পাচ্ছে। প্রস্তুতি ম্যাচগুলোর কোনো একটিতে তাকে মাঠে দেখা যেতে পারে।”

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার আরেকটি প্রস্তুতি ম্যাচ বাকি রয়েছে। আগামী ৯ জুন আইসল্যান্ডের মুখোমুখি হবে স্কালোনির দল।

এরপর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙল বাংলাদেশের
সাফ নারী চ্যাম্পিয়নশিপ হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙল বাংলাদেশের
স্টেডিয়ামে পানির বোতল নিতে পারবেন দর্শকরা
ফুটবল বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিতে পারবেন দর্শকরা
ফিফার যে ভুলে টিকিট পেয়েও বিশ্বকাপ দেখতে পারবেন না ৬০ দর্শক
ফিফার যে ভুলে টিকিট পেয়েও বিশ্বকাপ দেখতে পারবেন না ৬০ দর্শক