বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

পায়ের মাংসপেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্দো বালেরদি। শনিবার (৬ জুন) বিষয়টি নিশ্চিত করে তার দ্রুত সুস্থতা কামনা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
ফেডারেশনের সামাজিক যোগাযোগমাধ্যমের এক বার্তায় জানানো হয়, বালেরদির ডান পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট ধরা পড়েছে। এ কারণে তিনি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবেন না।
বার্তায় বলা হয়, “লিওনার্দো বালেরদি ডান পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট পেয়েছেন। ফলে তিনি বিশ্বকাপের চূড়ান্ত দলে থাকতে পারবেন না। দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক—এটাই আমাদের প্রত্যাশা।”
শুক্রবার অনুশীলনের সময় চোট পান বালেরদি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিনি দুই সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারবেন। তবে শেষ পর্যন্ত পরীক্ষার ফলাফলে তার বিশ্বকাপ খেলা অনিশ্চিত হয়ে পড়ে এবং তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চোট না পেলে এটিই হতো বালেরদির প্রথম বিশ্বকাপ। ২০১৯ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হলেও কাতার বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে ১১টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার।
উল্লেখ্য, ২০১৯ সালে অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর জাতীয় দলে ডাক পান বালেরদি। বিশ্বকাপের আগে তার ছিটকে যাওয়া আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। স্কোয়াডে তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।
ভিওডি বাংলা/আ







