• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফার যে ভুলে টিকিট পেয়েও বিশ্বকাপ দেখতে পারবেন না ৬০ দর্শক

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৬ জুন ২০২৬, ০৯:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে টিকিটিং নিয়ে নতুন বিতর্কে পড়েছে ফিফা। ওয়েবসাইটের যান্ত্রিক ত্রুটির কারণে বিনা মূল্যে ইস্যু হওয়া প্রায় ৬০ জন দর্শকের টিকিট বাতিল করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ফিফা জানিয়েছে, চেকআউট প্রক্রিয়ায় কারিগরি সমস্যার কারণে কিছু টিকিট ০ (শূন্য) ডলারে বরাদ্দ হয়ে যায়। অর্থাৎ, দর্শকেরা টিকিটের জন্য আবেদন করলেও নির্ধারিত অর্থ পরিশোধ না করেই তাঁদের নামে টিকিট ইস্যু হয়েছিল। পরবর্তীতে বিষয়টি শনাক্ত করে সেই টিকিটগুলো বাতিল করা হয়।

এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, ভুক্তভোগী দর্শকদের টিকিট পুরোপুরি বাতিল বা হাতছাড়া হয়ে যায়নি। তাঁদের নির্ধারিত সঠিক মূল্য পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে। ফিফার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট টিকিটগুলো এখনো তাঁদের জন্যই সংরক্ষিত আছে।

জানা গেছে, গত ২১ মে ফিফার অফিশিয়াল বিশ্বকাপ ওয়েবসাইটের মাধ্যমে এই টিকিটগুলো ইস্যু হয়েছিল। পরে ক্রেতাদের কাছে পাঠানো ই-মেইলে ফিফা বিষয়টি ব্যাখ্যা করে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে এমন ঘটনা টিকিটিং ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এটি ফিফার ২০২৬ বিশ্বকাপ টিকিটিং প্রোগ্রাম ঘিরে সাম্প্রতিকতম অস্বস্তিকর ঘটনা। এরই মধ্যে নিউইয়র্ক ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে বিশ্বকাপ টিকিটিং প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করেছেন।

বিতর্কের আরেকটি দিক হলো টিকিটের প্রাপ্যতা ও মূল্য। তিন মাসেরও বেশি আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন, বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কিন্তু এখনো ফিফার অফিশিয়াল মাধ্যমেই বিভিন্ন ম্যাচের টিকিট বিক্রি চলছে। কম চাহিদার ম্যাচগুলোতে ‘ডাইনামিক’ বা ‘সার্জ প্রাইসিং’ (চাহিদা অনুযায়ী দাম পরিবর্তন) মডেলের কারণে টিকিটের দাম কমতে পারে কি না, সেটিও পরিষ্কার নয়।

ফিফা এবার নিজেই টিকিটের মূল্য নির্ধারণ ও বিক্রির বড় অংশ নিয়ন্ত্রণ করছে। আগের অনেক বিশ্বকাপে স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে সমন্বয় করে টিকিট ব্যবস্থাপনা করা হতো। তবে এবার সেই কার্যক্রম নিজেদের অধীনে এনে নতুন মডেলে এগোচ্ছে ফিফা।

টিকিট পুনর্বিক্রির (রিসেল) বাজারেও ফিফা নিজস্ব প্ল্যাটফর্ম চালু করেছে। সেখানে ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের কাছ থেকেই ১৫ শতাংশ করে কমিশন নিচ্ছে সংস্থাটি। ফিফার দাবি, এতে অননুমোদিত টিকিট ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে। তবে অন্যান্য রিসেল প্ল্যাটফর্মেও অনেক ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

২০২৬ বিশ্বকাপের টিকিট আগের যেকোনো আসরের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। ফিফা এর পক্ষে যুক্তি দিয়ে বলেছে, এই আয় থেকে বড় অঙ্কের অর্থ সদস্য ফেডারেশনগুলোর মাধ্যমে বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে। তবে সমর্থকদের বড় অংশের অভিযোগ, বিশ্বকাপ দেখতে চাওয়া সাধারণ দর্শকদের জন্য টিকিট ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে।

আয়োজক হওয়ার সময় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ফুটবল ফেডারেশনগুলো গ্রুপ পর্বের ম্যাচে ২১ ডলারের কয়েক লাখ টিকিট বিক্রির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এবার ফাইনালের অফিশিয়াল ফ্রন্ট-রো (সামনের সারি) টিকিটের দাম ৩২ হাজার ৯৭০ ডলার পর্যন্ত উঠেছে। এই বিশাল মূল্য ব্যবধানই টিকিট নীতি নিয়ে সমর্থকদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।

২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন, মেক্সিকো সিটিতে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর।

ভিওডি বাংলা/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপ জিতবে ফ্রান্স, দুঃসংবাদ পেল ব্রাজিল
রয়টার্সের জরিপ বিশ্বকাপ জিতবে ফ্রান্স, দুঃসংবাদ পেল ব্রাজিল
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি
মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি
মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী