এন্দ্রিকের গোলে প্রস্তুতি ম্যাচে ব্রাজিলের জয়

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে মিশরকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে কার্লো আনচেলত্তির দল।
ব্রাজিলের হয়ে গোল দুটি করেন ব্রুনো গিমারেস ও এন্দ্রিক। মিশরের একমাত্র গোলটি করেন মোস্তফা জিকো।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। অষ্টম মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন ব্রুনো গিমারেস। মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের কাছ থেকে বল কেড়ে নিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। চার মিনিট পরই মারকুইনিওসের ভুল পাসের সুযোগ নিয়ে গোল করে সমতা ফেরান মোস্তফা জিকো।
সমতায় ফেরার পর ব্রাজিল একের পর এক আক্রমণ চালালেও মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইরের দৃঢ়তায় প্রথমার্ধে আর গোল পাওয়া হয়নি। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ইগর থিয়াগোর একাধিক প্রচেষ্টা তিনি রুখে দেন।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে একসঙ্গে আটটি পরিবর্তন এনে নতুন গতি যোগ করেন তিনি।
বেঞ্চ থেকে নেমে ম্যাচের নায়ক বনে যান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। রাফিনিয়ার তৈরি করা সুযোগ থেকে সহজ ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা কয়েক ম্যাচ গোলশূন্য থাকার পর এই গোল এন্দ্রিকের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
পুরো ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগ ছিল বেশ সক্রিয়। রাফিনিয়া একাধিক সফল ড্রিবল করার পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেন। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনহা ও এন্দ্রিকও প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছেন পুরো সময়জুড়ে।
বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে নেইমারের ফিটনেস নিয়ে আলোচনা থাকলেও এই ম্যাচে দলটি দেখিয়েছে, তাকে ছাড়াও আক্রমণভাগে যথেষ্ট শক্তি ও বৈচিত্র্য রয়েছে।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। অন্যদিকে ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে মিশর।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পাওয়ায় ব্রাজিল শিবিরে আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
ভিওডি বাংলা/আ







