কুড়িগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ দোকান ভস্মীভূত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫ টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ভূরুঙ্গামারী বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তের মধ্যে গোটা মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। দেড় ঘন্টার মধ্যে মাকের্টের ৮০ টি কাপড়ের দোকান এবং পার্শ্ববর্তী জাকের পার্টির অফিসসহ ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান পুরে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাপড় ব্যবসায়ি সমিতির সভাপতি টুটুল মিয়া জানান, এখানে যারা ব্যবসায়ি তারা প্রায় সকলেই ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছে। এখন এরা নিঃস্ব হয়ে গেল। তিনি পুনর্বাসনের জন্য সহায়তার দাবি জানান।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্ট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ৯৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল লতিফকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বসানের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







