নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, সাবেক মেয়র ও এমপিকে আসামি করে মামলা

চট্টগ্রামের ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম এবং আওয়ামী লীগের সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিসহ অনেকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। মামলায় অনন্ত ৮০ থেকে ৯০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার মো. জামান বাবু (২৩) এবং সাইফুল ইসলাম সজিব (২৫)। অপরজনের নাম জানা যায়নি। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে ঘটনার প্রধান হুকুমদাতা ও পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। আসামিদের তালিকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম ছাড়াও বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী, জসিম উদ্দিন মুহুরী, ফোরকান উদ্দিন বাচ্চু ও মো. জসিমসহ আরও অনেকে রয়েছেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফটিকছড়ি থানার একটি টহল দল খবর পায় উপজেলার রোসাংগিরী ইউনিয়নের আজিমনগর এলাকায় নাজিরহাট মাইজভান্ডার সড়কে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মশাল মিছিল করছে।
অভিযোগ অনুযায়ী, মিছিলে নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা বাঁশের তৈরি মশাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে চারটি বাঁশের মশাল জব্দ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, কয়েকজন শীর্ষ নেতার নির্দেশনায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রমের প্রস্তুতির জন্য তারা সেখানে জড়ো হয়েছিল।
এর আগে বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলার রোসাঙ্গিরি এলাকার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ‘বিশ্রামাগারে’ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে একটি মতবিনিময় সভা করে ছাত্রলীগ। ওই সভার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







