ঢাবির হলের ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সদ্য প্রয়াত নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক জানিয়ে ব্যানার টাঙিয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রধান ফটকে শুক্রবার (৫ জুন) ভোর সাড়ে ৪টার দিকে ওই ব্যানারটি টাঙানো হয়। তোফায়েল আহমেদ এই হলের সাবেক আবাসিক শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈমসহ চারজন নেতাকর্মী ব্যানার টাঙিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। পরবর্তীতে ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো নুরুল আমিন বলেন, বিষয়টি নিয়ে আমি সম্পূর্ণ অবগত নই। হলে গিয়ে খবর নিয়ে দেখব আসলে বিষয়টি কি। তারপর বলতে পারব।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর ইসরাফিল রতন বলেন, ঘটনাটি কিছুক্ষণ আগে আমি জানলাম। সেটা কখন লাগিয়েছে এটা একটু দেখার চেষ্টা করছি, কথা বলছি। কারা ছিল হলে, হল প্রশাসনের সামনে কীভাবে এটা করল সেই বিষয়ে দেখছি।
এর আগে গত ১ জুন সকালে ডাকসু ভবনের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মানববন্ধনকারীদের একজন আজকের ঘটনার সাথেও জড়িত, একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না এমন প্রশ্নের জবাব তিনি বলেন, আমাদের পক্ষ থেকে অলরেডি থানায় তাদের নামে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেটা হয়তো মামলা আকারে যাবে, পুলিশ সরাসরি এটা দেখছে। আর আমি দেখি জহুরুল হক হলের ওই সময় কারা ডিউটিতে ছিল, তারা কী করছিল, এসব বিষয়ে আমি তথ্য নিচ্ছি।
উল্লেখ্য, এর আগে গত ১ জুন সকাল ৮টায় ডাকসু ভবনের সামনে মাথায় হেলমেট ও মুখে কালো কাপড় বেঁধে ব্যানার হাতে কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একদল নেতাকর্মী।







