পদ্মা নদীতে বাস, তদন্তে ২ কমিটি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাস পড়ে যাওয়ার ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এছাড়া ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
শুক্রবার (৫ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ ও জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা এ তথ্য জানানো হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের আদেশে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রফিকুল করিম। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, দায়-দায়িত্ব নির্ধারণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা ও সুপারিশ প্রণয়নসহ সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদানের দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সহায়তা গ্রহণ করতে পারবে। আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন নৌপরিবহন মন্ত্রণালয়ে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
এদিকে, রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন স্বাক্ষরিত অফিস আদেশে দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য হিসেবে রয়েছেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, বিআরটিএ’র সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
অফিস আদেশে বলা হয়, তদন্ত কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক এ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।
ভিওডি বাংলা/এফএ







