• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জিয়াউর রহমানকে নিয়ে ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৩:৩২ পি.এম.
চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে বক্তব্য দেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নতুন করে ন্যারেটিভ তৈরি করছে স্বাধীনতা বিরোধীরা। এ ধরনের প্রচেষ্টা রুখে দিতে প্রয়োজনীয় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। 

শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানও উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে গণতন্ত্রহীনতার দিকে নেওয়ার চেষ্টা করেছে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা নতুন করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।  

সরকার গঠনের তিন মাসের মাথায় শুক্রবার সকালে চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। জাদুঘরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্থান হিসেবে পরিচিত। ১৯৮১ সালে এই ভবনেই কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে নিহত হন তিনি। জাদুঘরে তাঁর ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী, জীবনের নানা স্মৃতি, ঐতিহাসিক দলিল এবং স্বাধীনতার ঘোষণার ট্রান্সমিটারসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে।

পরিদর্শনের সময় গত ডিসেম্বরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনের দেয়াল, ছাদ ও সিঁড়িসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন তাঁরা।

ইশরাক হোসেন বলেন, “আমাদের প্রজন্ম যারা বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম ও লড়াই করেছি, প্রতিটি মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৬ মার্চের সেই কালজয়ী স্বাধীনতার ঘোষণাকে বুকে ধারণ করে সংগ্রাম করেছি। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল ৩৬ বছর। একজন তরুণ মেজর হিসেবে তাঁর সাহসিকতা আমাদের প্রজন্মকে বারবার অনুপ্রেরণা যুগিয়েছে।”

তিনি বলেন, “৫ আগস্টের পর এই স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। স্বৈরাচারী খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর কেন এই স্থাপনায় হামলা হলো, কারা করল, সেটিও ভেবে দেখতে হবে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর প্রধান ডা. শফিকুর রহমান চট্টগ্রামে এসে আরেকজন বীর মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বলেছেন। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা কোনোভাবেই মেনে নেব না। জন্ম থেকেই আমরা জেনে আসছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।”

তিনি বলেন, “যারা ১৯৭১ সালে আমাদের মা-বোনদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তারা যদি মুক্তিযুদ্ধকে অবমাননা করতে চায় এবং আমাদের প্রিয় নেতা, স্বাধীনতার ঘোষককে খাটো করতে চায়, তাহলে প্রয়োজনীয় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আন্তরিক। জিয়া স্মৃতি জাদুঘর এবং জিয়া স্মৃতি কমপ্লেক্স ঐতিহাসিক নিদর্শন। আগামী প্রজন্মের ইতিহাস জানার জন্য এসব স্থাপনা সংরক্ষণ প্রয়োজন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করে জাদুঘরটি আবারও জনসাধারণের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

পরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী নগরের বহদ্দারহাট এলাকায় জিয়া স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় কমপ্লেক্সটি নতুন করে করার ঘোষণাও দেন।

দিনভর চট্টগ্রামের বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দুপুরে তাঁরা কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রেও যান। ১৯৭১ সালের ২৬ মার্চ এই কেন্দ্র থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
চাকরি ছাড়লেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আকবর খান
পদোন্নতি হয়নি চাকরি ছাড়লেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আকবর খান
জাতিসংঘ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, দুই দায়িত্বেই খলিলুর রহমান
জাতিসংঘ ও পররাষ্ট্র মন্ত্রণালয়, দুই দায়িত্বেই খলিলুর রহমান