জিমেইল হ্যাক করে লাখ লাখ টাকা লুট, মূলহোতাসহ গ্রেপ্তার ২

জিমেইল হ্যাক করে ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ সাইবার প্রতারক চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের প্রধান মো. ইকবাল এবং তার সহযোগী রুবেল। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল, ১৮টি বিকাশ সিম এবং বেশ কিছু ব্যাংকের চেকবই ও কার্ড উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত এপ্রিল মাসে সাতকানিয়ার এক ব্যবসায়ীর জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে তার ইউসিবি ব্যাংকের হিসাব থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা বিকাশ ও নগদে স্থানান্তর করে এই চক্রটি। পরে সেই টাকা অনলাইন জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ করা হতো। চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে এবং মূলহোতা ইকবালের বিরুদ্ধে একাধিক জেলায় প্রতারণার মামলা রয়েছে।
সাইবার প্রতারণা থেকে বাঁচতে জেলা পুলিশ গ্রাহকদের ওটিপি ও পিন শেয়ার না করার এবং অচেনা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ডিভাইস ও ফেস ভেরিফিকেশন ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
ভিওডি বাংলা/রানা সাত্তার/এমএস







