জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, আটক ১৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে গাঁজা, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ অন্তত ১৩ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে মোহাম্মদপুর থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
অভিযান শেষে বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার রাতে ক্যাম্প এলাকায় মাদক কেনাবেচার তৎপরতা বাড়তে পারে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে কয়েক কেজি গাঁজা, ইয়াবা, হেরোইন এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ট্রাঙ্ক থেকে মাদক ও মাদক বিক্রির অর্থও জব্দ করা হয়েছে।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, অভিযানে এডিসি, মোহাম্মদপুর থানা পুলিশ এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা অংশ নেন। অভিযান চালিয়ে অন্তত ১৩ জনকে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়ে তিনি বলেন, মাদক কারবার নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/আ







