• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্নীতির অভিযোগ থাকলেও ফের ফেনী পৌরসভায় আজিজুল হক

ফেনী প্রতিনিধি    ৪ জুন ২০২৬, ০৭:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকারী প্রকৌশলী মো. আজিজুল হককে পুনরায় ফেনী পৌরসভায় পদায়নের আদেশ দেওয়া হয়েছে। 

বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে নারায়ণগঞ্জ জেলার তারাব পৌরসভা থেকে ফেনী পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে বদলি করা হয়।  

এদিকে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান চলমান থাকার প্রেক্ষাপটে এ বদলির খবরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী পৌরসভার বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিনকে তারাব পৌরসভায় বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সগীর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

পৌরসভার একাধিক কর্মকর্তা-কর্মচারীর দাবি, আজিজুল হক ২০০৭ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ফেনী পৌরসভায় যোগদান করেন এবং পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়ে একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় একই স্থানে কর্মরত থাকায় পৌরসভার বিভিন্ন কর্মকাণ্ডে তার ব্যাপক প্রভাব তৈরি হয়।

অভিযোগ রয়েছে, দায়িত্ব পালনকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ভবন নির্মাণ ও সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন কাজে প্রভাব বিস্তার করতেন। এছাড়া তার সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে পৌরসভার বিভিন্ন কারিগরি কাজ নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রকৌশলী আজিজুল হক।

তার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে। এ বিষয়ে দুদক ফেনী-নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

অন্যদিকে প্রকৌশলী আজিজুল হক বলেন, তার বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সত্য নয়। তিনি দাবি করেন, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী তার আত্মীয় নন; পারিবারিক পরিচয়ের সূত্রে তাকে ‘মামা’ বলে সম্বোধন করতেন।

ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন বলেন, “যেখানে একজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, সেখানে তদন্ত শেষ হওয়ার আগেই তাকে পুনরায় ফেনী পৌরসভায় পদায়ন করায় পৌরবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ভিওডি বাংলা/জহির আদনান/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চাচা
পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চাচা
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
পুলিশের হস্তক্ষেপে স্ত্রীর জানাজায় স্বামী
পুলিশের হস্তক্ষেপে স্ত্রীর জানাজায় স্বামী