• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ছয় দশকের বিশ্বকাপ শূন্যতা কাটাতে ইংল্যান্ডের নতুন যাত্রা

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২ জুন ২০২৬, ০৬:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় দশকের বিশ্বকাপ ট্রফি খরা কাটানোর লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পৌঁছেছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। স্থানীয় সময় সোমবার সকালে বার্মিংহাম থেকে উড়াল দিয়ে ব্রিটিশ সময় রাতে মায়ামিতে অবতরণ করে হ্যারি কেইনরা। সেখান থেকে সরাসরি তারা যান ওয়েস্ট পাম বিচের বিলাসবহুল ‘দ্য বেলগ্রোভ রিসোর্ট অ্যান্ড স্পা’-তে, যেখানে ক্যাম্পের জন্য অবস্থান নিয়েছে থ্রি লায়ন্সরা।

রিসোর্টে পৌঁছানোর সময় নতুন প্রধান কোচ জার্মান ট্যাকটিশিয়ান থমাস টুখেল এবং অধিনায়ক হ্যারি কেইনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। তবে দলের সবাই একসঙ্গে না থাকায় প্রস্তুতিতে কোনো বিরতি দেননি মার্কাস রাশফোর্ড। সতীর্থদের আগমনের আগেই তিনি লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির স্পোর্টিং কমপ্লেক্সে গিয়ে একক অনুশীলন শুরু করেন।

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ফ্লোরিডায় একটি প্রস্তুতি ক্যাম্প করছে ইংল্যান্ড। সেখানে আগামী শনিবার ও বুধবার নিউজিল্যান্ড এবং কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। এরপর তারা চলে যাবে নিজেদের বিশ্বকাপ ঘাঁটি কানসাস সিটিতে। সেখানে ব্রিটিশ কান্ট্রি এস্টেটের আদলে গড়া ‘ইন অ্যাট মেডোব্রুক’ হোটেলে পুরো দলকে রাখার ব্যবস্থা করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।

তবে মাঠের প্রস্তুতির পাশাপাশি বড় উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে উত্তর আমেরিকাজুড়ে ছড়িয়ে পড়া হাম রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে ১৭ জুন আর্লিংটনের এ টি অ্যান্ড টি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা, আর সেই টেক্সাস রাজ্যই বর্তমানে সবচেয়ে বেশি সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। যদিও এসব বিষয়ে এখনই খুব বেশি চিন্তিত নন কোচ থমাস টুখেল। নিরাপত্তাবেষ্টিত রিসোর্টে বসে তিনি ক্রোয়েশিয়া, ঘানা ও পানামার বিপক্ষে গ্রুপ পর্বের কৌশল নির্ধারণে মনোযোগ দিচ্ছেন।

অন্যদিকে, ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বড় ম্যাচ শেষে কয়েকজন তারকা এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। আর্সেনালের বুকায়ো সাকা, ডেকলান রাইস, ননি মাদুয়েকে ও এবারেচি এজে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ধকল কাটাতে বাড়তি বিশ্রামে রয়েছেন। একই কারণে ক্রিস্টাল প্যালেসের গোলরক্ষক ডিন হেন্ডারসনও দেরিতে ইংল্যান্ড শিবিরে যোগ দেবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, আটক ৪৫
পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, আটক ৪৫
ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়
ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়
পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি
ইসরাফিল খসরু পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি