ইসরাফিল খসরু
পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি

সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভাঙার পর নতুন করে গঠিত হয় বিসিবির অ্যাডহক কমিটি। সভাপতি হিসেবে গ্রহণ করেন তামিম ইকবাল। বর্তমানে দুই মাসের কাছাকাছি হতে চলেছে এই বোর্ডের সময়। এর মধ্যে নিজেদের দ্বিতীয় বোর্ড মিটিংয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক এবং ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।
ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর দাবি অনেক দিন ধরেই ছিল। যা আগের বোর্ডগুলো কার্যকর করতে পারেনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর পুরুষ ও নারী উভয় বিভাগেই বেড়েছে পারিশ্রমিক। সঙ্গে বেড়েছে ম্যাচ ফিও।
সম্প্রতি বিসিবির ‘চার-ছক্কা’ পডকাস্টে এ বিষয়ে মুখ খুলেছেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। তিনি বলেন, ‘যদি এটা করতে চান (প্লেয়ারদের বেতন বাড়াতে চান), তাহলে একটা বোর্ড মিটিংয়েই সম্ভব। আমরা আমাদের (বিসিবির অ্যাডহক কমিটির) দ্বিতীয় বোর্ড মিটিংয়েই প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি, নারী ও পুরুষ উভয়েরই। আমার মনে হয়, এটা অনেক দিন ধরেই প্লেয়ারদের পাওনা ছিল। আগেই করা যেত, আমরা এসেই করেছি।’
ইসরাফিল আরও বলেছেন, ‘প্লেয়াররা অনেক খুশি, তারা এটা ডিজার্ভ করে। তাদেরকে তো এক্সট্রা কিছু দিচ্ছেন না। এটা তাদের পাওনা, তারা এটা ডিজার্ভ করে। আপনি তো প্লেয়ারদের বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নিতে পারবেন না।’
ভিওডি বাংলা/এমএস







