বিশ্বকাপের সব ম্যাচ বিনামূল্যে লাইভ দেখাবে ইউটিউব

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের সব ম্যাচ ইউটিউবে বিনামূল্যে দেখার সুযোগ পাবেন ব্রাজিলের ফুটবলপ্রেমীরা। ম্যাচগুলো 4K রেজোলিউশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে।
তবে এই সুবিধা কেবল ব্রাজিলের দর্শকদের জন্য সীমাবদ্ধ থাকবে। বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের দর্শকরা ইউটিউব বা সংশ্লিষ্ট চ্যানেলে প্রবেশ করলেও সরাসরি ম্যাচ দেখতে পারবেন না। কারণ সম্প্রচারটি অঞ্চলভিত্তিক (জিও-লক) থাকবে।
জানা গেছে, ব্রাজিলভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম কেজটিভির মূল প্রতিষ্ঠান লাইভমোড কেবল ব্রাজিলের জন্য টুর্নামেন্টটির ডিজিটাল সম্প্রচারস্বত্ব অর্জন করেছে। এর ফলে দেশটির দর্শকরা বিনামূল্যে ম্যাচ উপভোগ করতে পারবেন।
এদিকে, ভারতে ক্লাব বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে শীর্ষে রয়েছে জি গ্রুপ। তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচ সম্প্রচারের সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।
বিশ্ব ফুটবলের অন্যতম তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোডে বিনিয়োগ করেছেন। প্রতিষ্ঠানটির সঙ্গে অংশীদারত্ব চুক্তি করেছে কেজটিভি। এই অংশীদারত্বের আওতায় ইউটিউব প্ল্যাটফর্মে টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ বিনামূল্যে সম্প্রচার করা হবে।
তবে ব্রাজিলের বাইরে থাকা দর্শকদের জন্য এই সুবিধা উন্মুক্ত থাকবে না। ফলে বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীদের স্থানীয় সম্প্রচারকারী বা ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরই নির্ভর করতে হবে।
ভিওডি বাংলা/এফএ







