বিশ্বকাপের জন্য বাড়ি বিক্রি!

বিশ্বকাপ মাঠে বসে দেখার জন্য ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিলেন শিক্ষক অ্যান্ডি মিলনের। তিনি সারা জীবন শিক্ষকতা করে গড়ে তোলেন ছোট্ট একটি বাড়ি। সেটি বিক্রি করে মাঠে বসে খেলা দেখার সিদ্ধান্ত নিলেন।
প্রিয় দলের খেলা গ্যালারিতে বসে দেখার তীব্র আবেগ থেকেই এমন সিদ্ধান্ত নেন তিনি। তার এমন ঘটনা নিয়ে ইংল্যান্ডে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা প্রতিক্রিয়া।
অবসরপ্রাপ্ত শিক্ষক অ্যান্ডি মিলন ফিফা বিশ্বকাপের ম্যাচের টিকিট কেনার জন্য নিজের বাড়ি বিক্রি করেছেন। তিনি বিশ্বকাপের টিকিট কেনার জন্য হন্যে হয়ে ঘুরছিলেন। উপায় না পেয়ে নিজের বাড়ি বিক্রি করে দেন। প্রায় সাড়ে চার কোটি টাকায় নিজের নর্থউইচের বাড়িটি বিক্রি করেছেন ইংল্যান্ডের বাসিন্দা অ্যান্ডি।
নিজের দল ইংল্যান্ডকে সমর্থন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে বহুবার ফিফা বিশ্বকাপে নিজের দলের জন্য প্রচুর অর্থ খরচ করে টিকিট কেটে মাঠে উপস্থিত থেকেছেন তিনি। তবে এবারের সিদ্ধান্তটা অনেকটাই পাগলামি।
খবরে এসেছে, বাড়ি বিক্রির অর্থ দিয়ে বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচের টিকিট এবং যাতায়াতের খরচ মেটাবেন অ্যান্ডি। আগামী ১৮ জুন বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ডালাসে খেলবে ইংল্যান্ড। সেই ম্যাচেই মাঠে উপস্থিত থাকবেন অ্যান্ডি।
ভিওডি বাংলা/আরআর/এসআর







