রাজধানীতে কোরবানির মাংস কাটতে গিয়ে আহত ৮০

রাজধানীতে কোরবানির পশু জবাই, মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ৮০ জন মৌসুমী কসাই আহত হয়েছেন।
ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এই ৮০ জন চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা পুরান ঢাকার নারিন্দা , ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবা জার, হাজারীবাগ, বংশাল, সবুজবাগ, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান ও মিরপুর ও পল্লবী এলাকার বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল জরুরী বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের অনেকেই ইতোমধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আর গুরুতর আহত কয়েকজনকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহতরা কোরবানির সময় গরুর লাথি, সিংয়ের গুঁতা, মাং স কোপাতে গিয়ে অসাবধানতাবশত বিভিন্নভাবে আহত হয়েছেন বলে জানিয়েছেন ডা. কলিন্স মল্লিক।
তিনি আরও বলেন, জরুরি বিভাগে আহত রোগীদের যথেষ্ট চাপ রয়েছে। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করছি অপারেশন থিয়েটারে দ্রুত তাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুকও ৮০ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
ভিওডি বাংলা/আরআর/এফএ





