৬ শিশুর মৃত্যু
অবহেলার অভিযোগে আদ্-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলাহয়েছে। অবহেলার অভিযোগ তুলে আসামি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তদন্ত চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বৃহস্পতিবার (২৮ মে) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাতে এক নবজাতকের বাবা লিখিত অভিযোগ জমা দেন। বৃহস্পতিবার সেটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়। এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আসামি হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষকে উল্লেখ করা হয়েছে।
বুধবার সকালে হাসপাতালটির ডেলিভারির পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় নবজাতকের মৃত্যু হয়। নবজাতকদের বয়স এক থেকে তিন দিন। তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
নবজাতকদের স্বজনেরা জানান, মঙ্গলবার গভীর রাতে কক্ষটিতে থাকা বাচ্চারা হঠাৎ কান্নাকাটি শুরু করে। অল্প সময়ের ব্যবধানে সব কটি বাচ্চা কান্না শুরু করে। এর মধ্যে একটি বাচ্চা বেশি অসুস্থ হয়ে পড়লে এনআইসিইউতে (নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়। তারপর ভোরের দিকে একে একে সব কটি বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরও এনআইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পরে এনআইসিইউতে থাকা অবস্থায় তাদের জানানো হয়, বাচ্চারা মারা গেছে। মারা যাওয়ার সময় কয়েকটি নবজাতকের শরীর নীল রং ধারণ করে।
ঘটনার পর দুপুরের দিকে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের ওই কক্ষ সিলগালা করে দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটের সদস্যরা। পরে সেখান থেকে আলামত সংগ্রহ করেন তারা। এর কিছুক্ষণ পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরাও সেখানে আসেন। কক্ষটিতে ক্ষতিকর কোনো গ্যাস আছে কি না, সেটির নমুনা সংগ্রহ করে দলটি।
পরে বিকেলের দিকে স্বজনদের কাছে নবজাতকদের মরদেহ হস্তান্তর করা হয়। স্বজনরা না চাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/আরআর/এমএস






