যানজটমুক্ত পদ্মাসেতু-এক্সপ্রেসওয়ে, ২১ জেলার মানুষের নির্বিঘ্ন ঈদযাত্রা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মাসেতু হয়ে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটছেন। দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত এই মহাসড়কটিতে ঈদযাত্রাকে কেন্দ্র করে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
তবে অতিরিক্ত চাপ থাকলেও এক্সপ্রেসওয়ে প্রশস্ত ও আধুনিক হওয়ায় কোথাও কোনো দুর্ভোগ বা বিড়ম্বনা নেই। ফলে বরাবরের মতোই অত্যন্ত স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
পদ্মাসেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুতে যান পারাপার দ্রুত ও নির্বিঘ্ন করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) বুথসহ মোট ৮টি বুথে নিরবচ্ছিন্নভাবে টোল আদায় করা হচ্ছে। এবারের ঈদ যাত্রায় এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহণের পাশাপাশি ব্যক্তিগত ছোট গাড়ি ও মোটরসাইকেল বেশি দেখা গেছে। মোটরসাইকেল চালকদের দ্রুত পারাপারের সুবিধার্থে টোল প্লাজায় আলাদা দুটি অতিরিক্ত লেনও সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, মহাসড়ক কিংবা টোল প্লাজা এলাকার কোথাও কোনো যানজট নেই। অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে যানবাহনের শৃঙ্খলা অনেক ভালো এবং সংখ্যাও কিছুটা কম। ফলে চালকরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে পদ্মাসেতু পাড়ি দিয়ে গন্তব্যে যেতে পারছেন।
ভিওডি বাংলা/এফএ







