অনিয়ম করলে জেল নিশ্চিত, ঠিকাদারদের কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, “নয়ছয় বুঝ দিয়ে কাজ করা যাবে না। মনে রাখবেন এটা আওয়ামী লীগের সরকার নয় যে চুরি করে পার পেয়ে যাবেন। এটা তারেক রহমানের সরকার।”
সোমবার (২৫ মে) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়াঘাট এলাকায় নির্মাণাধীন ওয়াই ব্রিজ পরিদর্শনে গিয়ে প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নির্মাণকাজে ব্যবহৃত রড, বালি ও সিমেন্টের গুণগত মান যাচাই করেন এবং অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এই ব্রিজ বারবার হবে না, একবারই হবে। তাই নয়ছয় বাদ দিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সিডিউল অনুযায়ী কাজ করবেন। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে জেলেও পাঠানো হবে।”
তিনি আরও বলেন, কাজ করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতা তৈরি হলে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি সহযোগিতা করবেন। তবে কাজের মান নিয়ে কোনো আপস করা হবে না বলেও জানান তিনি।
এ সময় পঞ্চগড় জেলা নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, বিএনপি নেতা রিয়েল প্রধানসহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর বোদা উপজেলার মাড়েয়া আউলিয়াঘাট এলাকায় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ৭২ জনের মৃত্যু হয়। শারদীয় দুর্গোৎসবের মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। দীর্ঘ উদ্ধার অভিযানে ৭১ জনের মরদেহ উদ্ধার করা হলেও একজন এখনও নিখোঁজ রয়েছেন। সেই দুর্ঘটনার পর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এলাকায় ওয়াই ব্রিজ নির্মাণকাজ শুরু হয়।
আউলিয়াঘাটের মর্মান্তিক নৌকাডুবির স্মৃতি বহনকারী স্থানে নির্মাণাধীন ওয়াই ব্রিজের কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। একইসঙ্গে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তাও দিয়েছেন তিনি।
ভিওডি বাংলা/স্নিগ্ধা খন্দকার/এমএস







