নবীনগরে মেয়র পদে লড়ার ঘোষণা বিএনপি নেতা মাসুদ রানার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মাসুদ রানা। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলা সদরের একটি হোটেলে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
মাসুদ রানা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য এবং নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মতবিনিময় সভায় তিনি বলেন, “সামনেই নবীনগর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে, আসন্ন নির্বাচনে নবীনগর পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে নির্বাচন করবো। এজন্য নবীনগর পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “বিগত সংসদ নির্বাচনে সাংবাদিকরা দলমতের ঊর্ধ্বে উঠে আমার নেতা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি তাঁর আদর্শের একজন কর্মী হিসেবে আশা করি, আপনারাও আমার পাশে থাকবেন।”
নিজের রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে মাসুদ রানা বলেন, “ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শে বিশ্বাস করে রাজনীতি করে আসছি। যতদিন বেঁচে থাকবো, ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শের রাজনীতি করে যাবো।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এমপি অ্যাডভোকেট এম এ মান্নানের পরামর্শ ও দিকনির্দেশনায় নবীনগর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”
ভিওডি বাংলা/আমিনুল ইসলাম আহাদ/এমএস







