• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের দিন যেমন থাকবে আবহাওয়া

ভিওডি বাংলা ডেস্ক    ২৫ মে ২০২৬, ০৮:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি কিংবা কখনো বা ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (২৫ মে) দুপুরের দিকে ঢাকায় ভারি বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে ঈদুল আজাহা উপলক্ষে সরকারি ছুটিও শুরু হয়েছে। পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে অনেকেই ছুটছেন বাড়ির পথে।

কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। কখনো কখনো হঠাৎ বৃষ্টি দুর্ভোগ বাড়াচ্ছে জনজীবনে।

বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন জ্যৈষ্ঠ মাস। বর্ষাকাল শুরু হতে আরো ২০ দিনের মতো বাকি। তবুও দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতি বছর ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত ও পশু কোরবানি। যে কারণে সাধারণ মানুষের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে?

সোমবার আগামী পাঁচ দিনের একটি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেখানে বলা হয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেছেন, মে মাস বজ্র ঝড় ও শিলা বৃষ্টির মাস। এই মাসে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। এই মেঘমালা তৈরি হলে অনেক সময় অল্প সময়ের মধ্যে ভারি বৃষ্টিপাত হয়ে থাকে।

একদিকে ঈদের দিন যেমন ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তেমনি তার আগের দুইদিনও ঢাকা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, কোরবানির ঈদের আগের এই দুই দিনের বৃষ্টিপাতে ভোগান্তি বাড়তে পারে পশুর হাট কিংবা মানুষের ঈদ যাত্রায়।

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস
সোমবার থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া, বজ্র বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল আগে থেকেই। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও দেখা দেয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ মে) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টিসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং কমতে পারে রাতের তাপমাত্রা।

ঈদের আগের দিন বুধবার (২৭ মে) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের কারণে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

বৃহস্পতিবার (২৮ মে) অর্থাৎ ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) ঢাকাসহ আটটি বিভাগের বিভিন্ন জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, মে মাস বজ্রপ্রবণ মাস। এ কারণে স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অস্থায়ী দমকা বাতাস ও ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস পাঁচ দিনের পূর্বাভাস দিলেও বজ্র বৃষ্টির সঠিক পূর্বাভাস তিন থেকে চার ঘণ্টা আগে সঠিকভাবে বলা যায় না।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
দেশের কয়েকটি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা
সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা