নজরুলের চেতনায় জনগণের অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি অঙ্গীকার পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমান যে দায়িত্ব পালন করছেন, তার প্রতিটি ক্ষেত্রে নজরুল বড় ধরনের প্রেরণা হয়ে আছেন। তাই আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ আয়োজন সার্থক করে তুলব।
সোমবার (২৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে তার কবরে গভীর শ্রদ্ধা জানানোর সময় সাংবাদিকদেরকে নিয়ে কথা বলেন।
রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন- বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি। উপমহাদেশের বিভিন্ন জাতীয় আন্দোলনে তাঁর কবিতা ও গান মানুষকে জাগিয়ে তুলেছিল। মিছিল, কারাবরণ কিংবা নির্যাতনের মুহূর্তেও নজরুলের গান সংগ্রামী মানুষকে সাহস জুগিয়েছে।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনে ও নজরুলের সাহিত্য ও সংগীত ছিল বড় প্রেরণা। যত দিন অন্যায়, অবিচার ও অসত্য থাকবে, তত দিন নজরুলের দ্রোহের আগুন মানুষকে আন্দোলিত করবে।
রিজভীর ভাষ্য, বাংলা ভাষায় বীরত্ব ও সংগ্রামের প্রকাশকে নতুন মাত্রা দিয়েছেন নজরুল। শব্দচয়ন ও প্রকাশভঙ্গির মধ্য দিয়ে তিনি বাংলা কাব্যে অনন্য ধারা সৃষ্টি করেছেন।
তিনি আরও বলেন, জনগণের ম্যান্ডেটে গঠিত বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের প্রতি দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে। এ পথচলায় নজরুলের সাহিত্য ও চেতনা বড় অনুপ্রেরণা হয়ে আছে।
তিনি বলেন, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগ্রামে নজরুলের কবিতা, গান ও সাহিত্য উপমহাদেশের মানুষকে জাগ্রত করেছিল। জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, চিত্রনায়ক উজ্জ্বলসহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভিওডি বাংলা/জা







