• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারত সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ মে ২০২৬, ১০:২৫ এ.এম.
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যেই চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (২৩ মে) শুরু হওয়া এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সফরটির মূল আলোচনায় থাকবে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য ঘাটতি এবং কৌশলগত সহযোগিতা। 

ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক সংঘাতের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ও জ্বালানি পরিবহনে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। এতে জ্বালানি আমদানিনির্ভর দেশগুলো সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি ভোক্তা ভারত তার মোট চাহিদার বড় অংশ বিদেশ থেকে আমদানি করে থাকে। দেশটির বিপুল জনগোষ্ঠীর জ্বালানি চাহিদা পূরণে তেল, গ্যাস ও অন্যান্য জ্বালানি পণ্যের ওপর নির্ভরতা ক্রমেই বাড়ছে। ফলে মধ্যপ্রাচ্যের সংকট ভারতের অর্থনীতি ও অভ্যন্তরীণ বাজারে চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভারতের জন্য বিকল্প জ্বালানি সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চাইছে। সফরের আগে মার্কো রুবিও বলেন, ভারত প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারবে এবং এ ক্ষেত্রে ওয়াশিংটন পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত। বর্তমানে যুক্তরাষ্ট্রে জ্বালানি উৎপাদন ও রপ্তানি রেকর্ড পর্যায়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্লেষকদের ধারণা, দিল্লি ওয়াশিংটনের কাছ থেকে আরও বেশি পরিমাণে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়ে আগ্রহ দেখাতে পারে। এতে একদিকে ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়বে।

যুক্তরাষ্ট্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভারতের সঙ্গে দেশটির পণ্য বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৫৮ দশমিক ২ বিলিয়ন ডলারে। আগের বছরের তুলনায় এই ঘাটতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প আগেও অসন্তোষ প্রকাশ করেছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রয়টার্সে জায়গা করে নিল ঢাকার মহিষ!
রয়টার্সে জায়গা করে নিল ঢাকার মহিষ!
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদত্যাগ
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদত্যাগ
এবার চীন যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী
এবার চীন যাচ্ছেন পাক প্রধানমন্ত্রী