ভাঙ্গুড়ায় নিরাপদ দুধ উৎপাদন বিষয়ে খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ভাঙ্গুড়া থানার তদন্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমিও, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আরএম ডা. মো. রিয়াজুল ইসলাম, ডা. ইমরান হোসেন এবং মনিটর মো. একরামুল হাবিব, মো. আসাদ আলী (এরিয়া ম্যানেজার)।
প্রশিক্ষণে ভাঙ্গুড়ার খামারিদের নিরাপদ ও ভেজালমুক্ত দুধ উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা দুধ উৎপাদনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, গাভীর সঠিক পরিচর্যা, আরামদায়ক পরিবেশে লালন-পালন, পুষ্টিকর খাবার প্রদান এবং দুধের উৎপাদন বৃদ্ধির কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও খামারিদের ভেজাল দুধের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ শেষে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের পক্ষ থেকে অংশগ্রহণকারী খামারিদের গাভীর দুধ সংগ্রহের জন্য একটি করে পাত্র, নগদ ভাতা এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
ভিওডি বাংলা/গিয়াস উদ্দিন সরদার/এমএস







