চিকিৎসকের ওপর হামলা, নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন

২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলাম এবং কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে।
এতে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল, নেত্রকোণার চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, কর্মচারী ও আনসার সদস্যরা অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলে।
এসময় বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. একরামুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাজহারুল আমিন, ডা. আব্দুল্লাহ আল আরমান, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোণা জেলা শাখার সভাপতি মো. জহিরুল ইসলাম তালুকদার এবং সিনিয়র স্টাফ নার্স স্মৃতি বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা চিকিৎসকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এ ধরনের বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/এমএস







