ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ঠাকুরগাঁও পৌর শহরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই বন্ধু। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের মাঝখানে থাকা আইল্যান্ডে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
বুধবার (২০ মে) ভোরে শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল আনুমানিক ৬টার দিকে দুই বন্ধু একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দনগর এলাকার একটি মোড় অতিক্রম করার সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়।
দুর্ঘটনার তীব্রতায় মোটরসাইকেলে থাকা ঋত্বিক (২৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের লিটনের ছেলে। একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫) গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত উদ্ধারকর্মীরা আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তারও মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ভিওডি বাংলা/জা







