ঈদে হল মাতাবে একঝাঁক নতুন সিনেমা

প্রতি ঈদেই শাকিব খানের রোমান্টিক সিনেমাগুলোর বিশেষ অপেক্ষায় থাকেন দর্শকসহ ভক্তকূল। আসন্ন ঈদুল আজহায়ও ব্যতিক্রম নেই। এবার ভক্তরা মুখিয়ে আছেন নায়কের নতুন সিনেমা ‘রকস্টার’ দেখার জন্য। যার চিত্রধারণ ইতোমধ্যেই শেষ হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন শাকিব খান ও সাবিলা নূর। পরিচালনা করছেন আজমান রুশো।
ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েই শুরু হয়েছিল ‘রকস্টার’ সিনেমার শুটিং। গত মাসে মালয়েশিয়ায় শুটিং শেষ করে দেশের বিভিন্ন স্থানে চলে অবশিষ্ট দৃশ্যধারণের কাজ।
ঈদুল আজহায় আসছে আরেক চমক ‘রইদ’। ‘হাওয়া’ সফলতা পাওয়ার পর এবার ‘রইদ’ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর রহমান ইমরান এবং নাজিফা তুষি। নির্মাতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। প্রচারণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে সিনেমার গান, যা নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে।
জনপ্রিয় জুটি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ফের ফিরছেন নতুন সিনেমা ‘মালিক’ নিয়ে। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেন ‘সাপলুডু’তে। যা বেশ আলোচনায় ছিল।
সৈকত নাসির পরিচালিত ‘মালিক’ ঈদুল ফিতরে মুক্তির গুঞ্জন উঠলেও শুটিংয়ের কিছু কাজ বাকি থাকায় সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। অবশিষ্ট কাজ শেষ করে ঈদুল আজহায় মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘মালিক’। সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে দিন দিন।
পাঁচ বছর আগে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু করেছিলেন নির্মাতা সৈকত নাসির। সিনেমাটির বেশিরভাগ শুটিং শেষ হলেও একটি গান ও গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের কাজ বাকি ছিল। সম্প্রতি সেই জটিলতা কাটিয়ে আবারও সিনেমাটি মুক্তির প্রস্তুতি শুরু হয়েছে। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে ‘মাসুদ রানা’। এতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা, বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরীকে।
সব প্রস্তুতি সম্পন্ন করেও দীর্ঘদিন আটকে আছে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘পিনিক’। পরিচালক জাহিদ জুয়েল নির্মিত এই সিনেমাটি গত দুই ঈদে মুক্তির ঘোষণা দিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
জানা গেছে, মূলত পর্যাপ্ত হল না পাওয়ার কারণেই পিছিয়েছে ছবিটির মুক্তি। তবে এবার নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা করছেন, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে। এতে আদর আজাদকে দেখা যাবে গ্যাংস্টার চরিত্রে। এর আগে বুবলী ও আদর জুটি দর্শকদের সামনে এসেছিলেন ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায়।
ঈদুল আজহায় মুক্তি পেতে পারে আরেক সিনেমা রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’। এর আগে ছবিটি মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ানোয় নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসেনি। নারীকেন্দ্রিক গল্পে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। চারজন নায়িকার পাশাপাশি আরও রয়েছেন তারিক আনাম খান, আদর আজাদ ও ইভান।
নির্মাতা জানিয়েছেন, ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এছাড়া, নীরবের অভিনয়ে অনিক বিশ্বাসের পরিচালনায় ‘শিরোনাম’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ‘শিরোনাম’ নামটি বদলে মুক্তি পেতে পারে সিনেমাটি, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ভিওডি বাংলা/এসএইচ/এমএস







