হেপাটাইটিস এ’তে আক্রান্ত ডিজে সনিকা

সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের পর এবার হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হলেন দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি।
দেশের জনপ্রিয় ডিজে তারকা ও গায়িকা সনিকা হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতার বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
সোমবার (১৮ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি প্রকাশ করেন সনিকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ পোস্টের সঙ্গে একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন তিনি। এরপর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করে অসংখ্য মন্তব্য আসতে থাকে।

জানা গেছে, হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর বনানীতে অবস্থিত ইয়োর্ক হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এই শিল্পী। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মৃত্যুর পর আবারও হেপাটাইটিস এ ভাইরাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সনিকার আক্রান্ত হওয়ার খবর ভক্তদের উদ্বেগ বাড়িয়েছে।
২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হন তিনি। বিভিন্ন স্টেজ শো, মিউজিক ইভেন্ট এবং টেলিভিশন অনুষ্ঠানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন এই শিল্পী।
বিশ্বমঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সনিকা। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ান তিনি। পরে ডিজে সংগীতে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ বিভাগে সম্মাননা লাভ করেন।
শুধু ডিজে পারফরম্যান্সেই নয়, গায়কী ও অভিনয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সনিকা। ২০১৪ সালে প্রকাশিত তার মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল। পাশাপাশি ছোটপর্দার নাটকেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।
২০১৫ সালে অভিনয়ে নিয়মিত যাত্রা শুরু করেন সনিকা। ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন এই শিল্পী। সংগীত, উপস্থাপনা ও অভিনয়-তিন অঙ্গনেই সক্রিয় উপস্থিতির কারণে দেশের শোবিজ অঙ্গনে আলাদা অবস্থান তৈরি হয়েছে তার।
ভিওডি বাংলা/জা







