‘চিকেনস নেক’ নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের

ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা ‘চিকেনস নেক’ নামে পরিচিত, সেই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকারের সংস্থার কাছে হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। বিষয়টিকে ভারতের সামরিক ও যোগাযোগ অবকাঠামোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা জমি হস্তান্তর প্রকল্পে নতুন গতি এসেছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, সীমান্তঘেঁষা এলাকাগুলোর জমি ইতোমধ্যে কেন্দ্রের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের সাতটি গুরুত্বপূর্ণ সড়ক ন্যাশনাল হাইওয়ের অধীনে দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে হাসিমারা-জয়গাঁও হয়ে ভারত-ভুটান সীমান্ত পর্যন্ত পুরো সড়ক, বারাদিঘি-ময়নাগুড়ি-চ্যাংরাবান্ধা হয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অংশ এবং শিলিগুড়ি (দার্জিলিং মোড়)-কার্শিয়াং-দার্জিলিং সড়কের সম্পূর্ণ অংশ। সাতটি সড়কের মধ্যে পাঁচটিই সরাসরি শিলিগুড়ি করিডোরের ভেতর দিয়ে গেছে।
সংশ্লিষ্টদের মতে, এসব সড়কের উন্নয়ন কাজ শেষ হলে সীমান্ত অঞ্চলে পরিবহন ব্যবস্থায় গতি বাড়বে। একই সঙ্গে সেনাঘাঁটিগুলোতে দ্রুত রসদ, সরঞ্জাম ও প্রয়োজনীয় সরবরাহ পৌঁছে দেওয়া সহজ হবে।
ভৌগোলিক অবস্থানের কারণে শিলিগুড়ি করিডোরকে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চলগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনবেষ্টিত এই করিডোর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ রক্ষা করে। সবচেয়ে সরু অংশে এ করিডোরের প্রস্থ মাত্র প্রায় ২২ কিলোমিটার।
ভিওডি বাংলা/এমএস







