পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ শুরু

রাজবাড়ীর পাংশা পৌরসভায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জানা যায়, ভিজিএফ কার্যক্রমের আওতায় পৌরসভার ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।
কার্যক্রমের শুরুতে পাংশা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন। এসময় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
উপস্থিত কর্মকর্তারা চাল বিতরণের আগে ওজন মেশিনের ক্যালিব্রেশন পরীক্ষা করেন এবং নির্ধারিত পরিমাণ চাল নিশ্চিত করে বিতরণ কার্যক্রম শুরু করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, ঈদুল আযহাকে সামনে রেখে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ভিওডি বাংলা/এস,কে পাল সমীর/জা







