আইএইচএইচ হেলথ কেয়ার সিঙ্গাপুর ও ইউনিকো হাসপাতালের চুক্তি স্বাক্ষর

দেশে আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং মিনিমালি ইনভেসিভ হার্ট কেয়ারের মাধ্যমে উন্নত রোগীসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যসেবাকর্মীদের সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 'মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি' বিষয়ক সিএমই সেশন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) রাজধানীর পান্থপথে ইউনিকো হাসপাতালের উদ্যোগে এ সেশন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আইএইচএইচ হেলথ কেয়ার সিঙ্গাপুর এবং ইউনিকো হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। যার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে ক্লিনিক্যাল সহযোগিতা আরও জোরদার করা হবে।
ইউনিকো হাসপাতালের কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি বিভাগের প্রফেসর ডা. মো. ফাইজুস সাজ্জাদ অনুষ্ঠানে উপস্থাপনা করেন।
তিনি মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারি (এমআইসিএস)-এর সর্বাধুনিক অগ্রগতির মাধ্যমে অপারেশনজনিত আঘাত, অপারেশন পরবর্তী ব্যথা ও হাসপাতালে থাকার সময় কমানোর পাশাপাশি রোগীর সার্বিক ফলাফল উন্নত করার বিষয়গুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক সার্জন প্রফেসর থিওডোরোস কোফিদিস। এ সময় আধুনিক মিনিমালি ইনভেসিভ ও এন্ডোস্কোপিক কার্ডিয়াক সার্জারি, বিশেষ করে ভালভ রিপেয়ার ও বাইপাস সার্জারি বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ মতামত তুলে ধরেন।
প্রফেসর থিওডোরোস কোফিদিসের সাবেক প্রশিক্ষণার্থী ও সহকর্মী প্রফেসর ডা. ফাইজুস সাজ্জাদ বর্তমানে ইউনিকো হাসপাতালে কর্মরত আছেন। যা বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে আন্তর্জাতিক ক্লিনিক্যাল সহযোগিতা ও একাডেমিক জ্ঞান বিনিময়কে আরও শক্তিশালী করছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইএইচএইচ হেলথ কেয়ার সিঙ্গাপুর-এর চিফ অপারেটিং অফিসার মি. ইয়ং ইয়িহ মিং।
সেশনে বাংলাদেশে মিনিমালি ইনভেসিভ হার্ট সার্জারির ক্রমবর্ধমান গুরুত্ব ও অগ্রগতি তুলে ধরা হয়।
বিশেষজ্ঞরা বলেন, এই প্রযুক্তি রোগীর দ্রুত সুস্থতা, কম অপারেশনজনিত আঘাত এবং পোস্টোপারেটিভ জটিলতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইউনিকো হাসপাতালের সিইও আরদ্রা কুরিয়েন, বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও চিকিৎসকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং হাসপাতালের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা দলের সদস্যরা।
উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে ছিলেন- ডা. সিমিন এম. আখতার, সিওও ও সাবেক চিফ মেডিকেল অফিসার প্রাভা হেলথ, প্রফেসর ডা. সৈয়দ আতিকুল হক, সাবেক চেয়ারম্যান রিউমাটোলজি বিভাগ, বিএমইউ এবং প্রফেসর ডা. বরেন চক্রবর্তী, সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট।
ভিওডি বাংলা/বিন্দু







