বিএনপি এখন চাঁদাবাজ-টেন্ডারবাজের দলে পরিণত: হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপির কড়া সমালোচনা করে বলেছেন, দলটি এখন চাঁদাবাজ ও টেন্ডারবাজদের দলে পরিণত হয়েছে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান দখলের সংস্কৃতি গড়ে উঠেছে এবং মানুষ তা প্রত্যাখ্যান করছে।
রোববার (১৭ মে) রাতে কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দুদক, মানবাধিকার কমিশন, বিচার ব্যবস্থা, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ও বিসিবিকেও ‘মাফিয়া কায়দায়’ নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের তো চক্ষুলজ্জা থাকে, কিন্তু তাদের কোনো চক্ষুলজ্জা নেই। এজন্যই বলছি, বিএনপি ইজ রিজেক্ট।”
তিনি আরও বলেন, বিএনপি একসময় আদর্শিক ও আন্দোলনভিত্তিক রাজনীতি করলেও বর্তমানে দলটি অন্যদের নিয়ন্ত্রণে চলে গেছে। এমনকি বিএনপির ত্যাগী নেতাকর্মীরাও বর্তমান দলকে আগের বিএনপি হিসেবে দেখছেন না বলেও দাবি করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের মানুষ যেন নিজের যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে, সেই ধরনের বাংলাদেশ গড়ে তুলতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেদিকেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন খাতে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের সিস্টেম পরিবর্তন জরুরি। শিক্ষা, স্বাস্থ্য ও সেবাখাতে সংস্কারের পাশাপাশি সরকারি সুবিধা সবার জন্য সমান নিশ্চিত করার দাবি জানান তিনি।
দলের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী কুমিল্লা পদযাত্রার প্রথম দিনে তিনি মেঘনা, হোমনা ও চান্দিনা উপজেলায় পৃথক কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ী নিজামুল আহসান পাপন। এছাড়া বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, উপজেলা সমন্বয়ক আবুল কাশেম অভি ও দলের অন্যান্য নেতারা।
ভিওডি বাংলা/আ







