পাওনা টাকা চাওয়ায় হামলা, বৃদ্ধ নিহত

নেত্রকোনার কলমাকান্দায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. বাবুল মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (১৭ মে) কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই গ্রামের সোনাফর মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বড়দল পূর্ব পাড়া গ্রামের সোবহান মুন্সীর ছেলে হাবিবুর রহমানের কাছে ধান কাটার মজুরি বাবদ ১০ হাজার টাকা পেতেন বাবুল মিয়া। রোববার সকাল পৌনে ৯টার দিকে বাবুল মিয়া ধান মাড়াইয়ের কাজ করছিলেন এবং তার ছেলে সিরাজুল ইসলাম পাশের ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় ক্ষেতের পাশে হাবিবুর রহমানকে দেখে বাবার পাওনা টাকা চান সিরাজুল। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সিরাজুলকে মারধর শুরু করেন হাবিবুরের সাথে থাকা বাদশাহ্ মিয়ার ছেলে সাদ্দাম, হুজু মিয়ার ছেলে মোস্তাকিম ও মোজাকিম। সে সময় বাবুল মিয়া ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মাটিতে ফেলে কিল ঘুসি লাথি মারে হাবিবুরের লোকজন। বাবা-ছেলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে বাবুল মিয়াকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকিমকে আটক করা হয়েছে।
ভিওডি বাংলা/এরশাদুল হক জনি/এফএ







