সোনারগাঁয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ভবনের ঠিকাদারি কাজের পাওনা টাকা চাওয়ায় নুরউদ্দিন হাওলাদার নামে এক ঠিকাদারকে ছুরিকাঘাতে জখমের তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। গত ১৪ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘনা নিউটাউন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ভোলা জেলার মালেরহাট গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে গঙ্গানগর এলাকার আব্দুর রবের বাড়ির ঠিকাদারি কাজ করেন নুরউদ্দিন। কাজ শেষ হলেও পাওনা টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিয়ে আসছিলেন ভবনের মালিক আব্দুর রব ও তার দুই ছেলে।
বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে আব্দুর রব ও তার দুই ছেলে হৃদয় ও শুভ বাড়ির সামনে এসে নুরউদ্দিনকে ভবনের বাকি অংশের কাজ করে দেওয়ার জন্য হুমকি দেন। এসময় পাওনা টাকা পরিশোধ করার কথা বললে তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হৃদয়ের কাছে থাকা সুইচগিয়ার দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। পরে তারা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। তিন দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ নুরউদ্দিন মারা যান।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, নিহতের মরদেহ ঢামেকের মর্গে রয়েছে। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে।
ভিওডি বাংলা/এমএস







