• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভবদহ জলাবদ্ধতা নিরসনে মহাপরিকল্পনার উদ্যোগ

যশোর প্রতিনিধি    ১৬ মে ২০২৬, ১২:৪২ পি.এম.
যশোরে ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে আয়োজিত অংশীজন মতবিনিময় কর্মশালায় বক্তব্য রাখছেন অতিথিরা। ছবি : ভিওডি বাংলা

যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যায় ভুগতে থাকা ভবদহ অঞ্চলকে কেন্দ্র করে একটি টেকসই ও বৈজ্ঞানিক সমাধানের লক্ষ্যে নতুন মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

শনিবার (১৬ মে) যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (IWM)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ অংশীজন মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জানানো হয়, ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদী অববাহিকার পলি ব্যবস্থাপনার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের কাজ চলছে। এর অংশ হিসেবে একটি বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হচ্ছে, যার মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং নদী ব্যবস্থাপনার আধুনিক কাঠামো তৈরি করা হবে।

কর্মশালায় বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের লাখ লাখ মানুষের জীবন-জীবিকা বছরের পর বছর ধরে জলাবদ্ধতার কারণে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কৃষিজমি পানিতে ডুবে থাকায় উৎপাদন কমে যাচ্ছে, যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে এবং সামগ্রিকভাবে স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থার পরিবর্তনে একটি কার্যকর ও স্থায়ী সমাধান এখন সময়ের দাবি।

প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি। তিনি বলেন, ভবদহের জলাবদ্ধতা শুধুমাত্র একটি স্থানীয় সমস্যা নয়, এটি পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন ও জনজীবনের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। সরকার এ সমস্যাকে গুরুত্বের সঙ্গে দেখছে এবং দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা ও পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আইডব্লিউএম এবং বাপাউবোর যৌথ সমীক্ষার মাধ্যমে যে মহাপরিকল্পনা তৈরি হবে, তা বাস্তবায়িত হলে ভবদহ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

বিশেষ অতিথি হিসেবে কর্মশালায় অংশ নেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী। তাঁরা স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা প্রযুক্তিগত দিক, নদী ব্যবস্থাপনা কাঠামো এবং মাঠপর্যায়ের বাস্তবতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, পরিকল্পনা প্রণয়নের প্রতিটি ধাপে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে, যাতে এটি বাস্তবসম্মত ও কার্যকর হয়।

কর্মশালার সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান। তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় প্রশাসন এই মহাপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে। পাশাপাশি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি টেকসই সমাধান বের করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবিদ, সাংবাদিক এবং ভবদহ অঞ্চলের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রতিনিধিরা অংশ নেন। তারা দীর্ঘদিনের ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তাদের একটাই প্রত্যাশা-এবার যেন পরিকল্পনা কেবল কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে দৃশ্যমান পরিবর্তন আনে।

​ভিওডি বাংলা/জুবায়ের হোসেন/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ
জামায়াত নেতার বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই
সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই