সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট পাস

বিরোধী দলের সংসদ সদস্যদের দেওয়া ছাঁটাই প্রস্তাব নাকচ করে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি পাস হয়েছে। এর ফলে এই খাতের জন্য অনধিক ১ হাজার ৮৪৪ কোটি ৪৩ লক্ষ টাকা মঞ্জুর করেছে সংসদ।
মঙ্গলবার (৩০ জুন) সংসদে ১৬ নম্বর মঞ্জুরি দাবি ভোটে তোলা হলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। এর আগে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য প্রস্তাবিত বাজেট প্রতীকীভাবে ১ টাকায় নামিয়ে আনার প্রস্তাব দেন। তবে সরকার পক্ষ সেই প্রস্তাবের বিরোধিতা করে।
ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় কূটনৈতিক কার্যক্রম একটি দেশের অর্থনৈতিক অগ্রগতি, নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থান সুদৃঢ় করার অন্যতম প্রধান উপাদান। বিশ্ব রাজনীতির পরিবর্তিত বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ রক্ষায় কার্যকর ও সক্রিয় কূটনীতি প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, সরকারের পররাষ্ট্রনীতি ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এসব সফর দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সেবা নিশ্চিত করতেও এই বরাদ্দ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, বাজেট ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হলে বিদেশে থাকা বাংলাদেশের দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। এতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনস্যুলার সেবা ব্যাহত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর চাঁদা পরিশোধে সমস্যা তৈরি হলে বাংলাদেশের অবস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকির কথাও তুলে ধরেন মন্ত্রী।
ভিওডি বাংলা/জা








মন্তব্য