স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

পরবর্তী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং নির্বাচনকে গ্রহণযোগ্য করতে কমিশন বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ পরিবেশে ভোট আয়োজনের লক্ষ্যে প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতির বিষয়েও গুরুত্ব দিচ্ছে। নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করার উদ্যোগও চলমান রয়েছে।
এদিকে, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের ভোটার নিবন্ধনের সুযোগ চালু করা হয়েছে। আগামী জাতীয় নির্বাচনেও এই কার্যক্রম চালু থাকবে বলে জানান তিনি।
তার ভাষ্য, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কাজ করছে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ সহজ ও কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই।
ভিওডি বাংলা/জা








মন্তব্য