কারিনার লিভার ডোনার ২ ভাই

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি জেট এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাইয়ের উদ্দেশে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কারিনার বাবা কায়সার হামিদ জানান, মেয়ের সঙ্গে চেন্নাই গেছেন তার মা লোপা কায়সার। এছাড়া সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদ।
মেয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে কায়সার হামিদ লেখেন, “গত রাতে উন্নত চিকিৎসার জন্য আমার মেয়ে কারিনাকে দেশের বাইরে নেওয়া হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন।”
তবে পরিবারের সবাই একসঙ্গে যেতে পারেননি বলে জানান তিনি। গণমাধ্যমকে কায়সার হামিদ বলেন, দেশে এখনও কিছু জরুরি কাজ বাকি রয়েছে। পাশাপাশি ব্যয়বহুল চিকিৎসার অর্থের ব্যবস্থাও করতে হচ্ছে। এ কারণে আপাতত তিনি দেশে অবস্থান করছেন। যদিও পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গেই রয়েছেন।
এর আগে সোমবার দুপুরে ভারতের ভিসা পাওয়ার তথ্যও নিশ্চিত করেছিলেন কায়সার হামিদ। তিনি জানিয়েছিলেন, চেন্নাই থেকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসে কারিনাকে নেওয়ার জন্য। একই সঙ্গে হাসপাতালের বিল, এয়ার অ্যাম্বুলেন্স এবং পরবর্তী চিকিৎসা ব্যয় মেটাতে পরিবারকে বড় অঙ্কের অর্থ সংগ্রহ করতে হচ্ছে।
তিনি আরও বলেন, চিকিৎসা ব্যয় সামাল দিতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙতে হচ্ছে। পাশাপাশি একটি জমি বিক্রির প্রক্রিয়াও চলমান রয়েছে। দিনের মধ্যেই এসব আর্থিক ব্যবস্থা সম্পন্ন করার চেষ্টা করা হয় বলেও জানান তিনি।
কারিনার শারীরিক অবস্থার অবনতির খবর প্রথম প্রকাশ করেন ‘ডানা ভাই’ নামে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। গত শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী কারিনার শরীরে হেপাটাইটিস এ ও ই শনাক্ত হয়েছে। এর জটিলতা থেকেই তার লিভার ফেইলর হয়েছে।
ডানার দাবি, শুরুতে কারিনাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেন ভক্ত ও সহকর্মীরা।
পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ভিওডি বাংলা/জা







